নিজস্ব প্রতিনিধি : প্রবীণদের অধিকার ও মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা শিবির আয়োজন করল হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ), হুগলি, স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’-এর সহযোগিতায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এবং নালসা প্রণীত ‘জাগৃতি’ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিল্লি রোডস্থিত ফুলবাড়ি রেস্টুরেন্ট কাম রিসর্টে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শ্রী অসীমানন্দ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক এবং শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী হাসমত আলি। জেলার বিভিন্ন বৃদ্ধাবাসের আবাসিক এবং অন্যান্য প্রবীণ নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল বিষয় ছিল প্রবীণদের আইনগত অধিকার, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং মানসিক সুস্থতা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ), হুগলির মানসিক স্বাস্থ্য দলের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশিস দাস এবং মনোবিদ ঝিলম ব্যানার্জী প্রবীণদের মানসিক স্বাস্থ্য রক্ষা, একাকীত্ব মোকাবিলা এবং ইতিবাচক জীবনদৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রীমতী মানালী সামন্ত ‘জাগৃতি’ প্রকল্পের আওতায় প্রবীণদের জন্য উপলব্ধ বিভিন্ন আইনগত সুরক্ষা ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “বয়স কেবলমাত্র একটি সংখ্যা। প্রবীণরাই সমাজের অভিভাবক ও অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করেই একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী মালা ব্যানার্জী তাঁর সুমধুর কণ্ঠে বিভিন্ন বাংলা ও আধুনিক গান পরিবেশন করে উপস্থিত প্রবীণদের মনোরঞ্জন করেন। তাঁর সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে এবং প্রবীণদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সঞ্চার করে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’-এর উদ্যোগে প্রবীণদের জন্য বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রায় ৫০ জন প্রবীণ নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে নবতিপর ও আশিতিপর প্রবীণও ছিলেন, যদিও অধিকাংশের বয়স ছিল সত্তরের কোঠায়। প্রবীণদের অধিকার, মানসিক সুস্থতা ও সামাজিক মর্যাদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে।






0 Comments